সাম্প্রতিক
Skip to content

রাজশাহীতে রেললাইনে ভাঙন, ২ ঘণ্টা পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক

ছবি: সংগৃহীত

রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন।

রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত পরিদর্শনের সময় কর্তব্যরত রেলকর্মীরা সকাল সাড়ে ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতকাজ শুরু করেন। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।

এর ফলে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।

রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সকাল ৭টা থেকে রাজশাহীসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও কয়েকটি ট্রেন আটকা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।

এনএনবাংলা/এফএস