বিশ্ববাজারে উর্ধ্বমূখী জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় অপরিশোধিত তেলের দামে সরাসরি প্রভাব পড়েছে।
এর জেরে মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে উঠেছে। পাশাপাশি মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলে ৮৩ সেন্ট বা ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে।
সোমবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, নতুন সামরিক পদক্ষেপ ইরানের পাল্টা হামলার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাম্প্রতিক সময়ে উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী পণ্যবাহী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে প্রণালিটি অতিক্রম করার সময় তেলবাহী ট্যাংকার ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে এই অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্র তার কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ পুনরায় পূরণের উদ্যোগ নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সামরিক সংকট এবং গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলোর অনিশ্চয়তা দ্রুত নিরসন না হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে।
এনএনবাংলা/এফএস

