স্থানীয় সরকার নির্বাচন ৭ ধাপে, ভোট শুরু ১২ নভেম্বর
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে শুরু হবে এই ভোটযজ্ঞ।
সোমবার নির্বাচন কমিশনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। সভায় প্রাথমিকভাবে সাত ধাপে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার জানান, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের প্রাথমিক সময় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া চতুর্থ ধাপে আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম তথা শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের প্রাথমিক সময় নির্ধারণ করেছে কমিশন।
প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলেও জানান নির্বাচন কমিশনার।
তবে ভোটের সম্ভাব্য সময়সূচি জানানো হলেও এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। পরবর্তী সময়ে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।
এনএনবাংলা/
