‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, পতিত ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থান এবং বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখতে ২০২৪ সালের মতো সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে।
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের কয়েকটি স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে ও বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত একটি শক্তি আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর পাশাপাশি সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতিও তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’
তার এই বক্তব্যের সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, তাবেদার অপশক্তির বিরুদ্ধে আজ আবারও সেই আওয়াজ তুলতে হবে, যা তিন দশক আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া তুলেছিলেন। তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
এটিই এবারের সংসদ অধিবেশনের শেষ শপথ ও প্রত্যাশা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং স্বাধীন-সার্বভৌম সংসদ রক্ষা করতে হবে। বাংলাদেশকে আর কোনো তাবেদার শক্তির হাতে সঁপে দেওয়া হবে না।
জনগণ ওদের বিষদাঁত ভেঙে দেবে
বক্তব্যের একপর্যায়ে তুমুল করতালির মধ্যে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশের মানুষকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করতে চায়, বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ তাদের আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।
তিনি বলেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই গণতান্ত্রিক জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে। ২০২৪ সালে যেভাবে পতিত ও পলাতক স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, একই চেতনায় আবারও সেই অপশক্তিকে প্রতিহত করতে হবে।
এর আগে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানিসহ নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগও ওঠে। নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে এসব হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
যেভাবে শেষ হলো সংসদের অধিবেশন
বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর সভাপতির আসনে বসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রীদের প্রশ্নোত্তর ও আইন প্রণয়ন কার্যক্রম নিষ্পত্তির পর সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পাঠানো সংসদ অধিবেশন সমাপ্তির আদেশ পড়ে শোনান। এর মধ্য দিয়ে শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।
এনএনবাংলা/

