নীলফামারীতে পুকুরপাড় থেকে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার

নীলফামারী সদরের গাছবাড়ি বনবিভাগ সংলগ্ন একটি পুকুরপাড় থেকে লাল স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাছবাড়ি বনবিভাগ এলাকার বাসিন্দা আইজুল ইসলামের পুকুরপাড়ে লাল টেপ দিয়ে মোড়ানো সন্দেহজনক চারটি বস্তু পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত সদর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পুকুরপাড় থেকে ককটেল সদৃশ বস্তু চারটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো পুলিশের হেফাজতে নিরাপদ স্থানে সংরক্ষিত রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত বস্তুগুলো আসলেই ককটেল কি না, তা যাচাইয়ের জন্য ইতিমধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল এসে পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পরই এ বিষয়ে নিশ্চিত তথ্য জানা যাবে।
এনএনবাংলা/ইএস


