সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপের আগুন নেভাতে গিয়ে ৫ কর্মী দগ্ধ

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকায় জ্বলন্ত গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণের কারিগরি কাজ চলাকালে পাঁচজন কর্মী দগ্ধ হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) সকালে কূপের মুখে নিয়মিত অপারেশনাল কার্যক্রম পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে সেখানে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাপেক্সের প্রকল্প ব্যবস্থাপক আনিছুর রহমান জানান, সকালে কূপের মুখে কাজ করার সময় আগুনের প্রচণ্ড তাপ ও শিখার সংস্পর্শে এসে ওই পাঁচ কর্মী আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাৎক্ষণিকভাবে দগ্ধ কর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রকল্প ব্যবস্থাপক আরও বলেন, “এটি কোনো বিস্ফোরণ নয়, বরং নিয়মিত কারিগরি কাজের অংশ হিসেবে অপারেশন চালানোর সময় অনাকাঙ্ক্ষিতভাবে এ দুর্ঘটনা ঘটেছে। কূপের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার কাজ চলমান রয়েছে।”

জানা গেছে, এক মাসেরও বেশি সময় ধরে ইনানীর একটি গভীর নলকূপে জ্বলে ওঠা গ্যাসের আগুন নেভাতে বাপেক্সের একটি বিশেষজ্ঞ দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কূপের চারপাশে ৩০ ইঞ্চি ব্যাসের কেসিং পাইপ স্থাপন ও ডাইভার্ট লাইনের মাধ্যমে গ্যাস নির্গমনের ব্যবস্থাসহ নানা প্রযুক্তিগত পদক্ষেপে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাপেক্স সূত্র জানায়, কূপের উপরিভাগের আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের চাপ সম্পূর্ণ নিরাপদ পর্যায়ে নামিয়ে আনা এবং পরবর্তী অনুসন্ধান শুরু করার জন্য কিছু কারিগরি কাজ বাকি ছিল। সেই কাজের অংশ হিসেবেই রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।

বর্তমানে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে প্রকৌশলী ও কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কূপটি নিরাপদ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাপেক্স।

এনএনবাংলা/ইএস