প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের ১৫০ টাকার খাবারের নিয়ম বাতিলে আইনি নোটিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতা অক্ষুণ্ণ রাখার স্বার্থে দুপুরের খাবার ও বিকেলের নাস্তার জন্য নির্ধারিত সম্মিলিত ১৫০ টাকার অভিন্ন ব্যবস্থা বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের জন্য পুষ্টিকর খাবারের বাজেট উল্লেখযোগ্য হারে বাড়ানো অথবা বাসা থেকে খাবার নিয়ে আসার নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন রেজিস্টার্ড ডাকযোগে এই নোটিশটি প্রেরণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং অর্থ বিভাগের সচিবকে এতে বিবাদী করা হয়েছে।
নোটিশে স্পষ্ট করা হয়েছে, প্রধানমন্ত্রী একজন নির্বাচিত রাজনৈতিক নেতা হিসেবে নিজের ব্যক্তিগত পছন্দ বা মিতব্যয়িতার কৌশল অনুযায়ী ১৫০ টাকায় খাবার গ্রহণের পূর্ণ স্বাধীনতা রাখেন। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা ও নীতিনির্ধারকরা কোনো রাজনৈতিক ব্যক্তি নন, তাঁরা প্রজাতন্ত্রের পেশাদার কর্মচারী।
সংবিধানের ১৮(১) ও ২১(২) অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়, জনস্বাস্থ্য ও পুষ্টির স্তর উন্নয়ন রাষ্ট্রের প্রাথমিক কর্তব্য। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রধানমন্ত্রীর পাশাপাশি কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর জন্যও দুপুরের খাবার ও বিকেলের নাস্তায় ১৫০ টাকার অভিন্ন বাজেট নির্ধারণ করা হয়েছে।
আইনজীবী মাহমুদুল হাসান উল্লেখ করেন, ঢাকার বর্তমান বাজারদর ও মূল্যস্ফীতির বাস্তবতায় মাত্র ১৫০ টাকায় দুপুরের মূল খাবার ও বিকেলের নাস্তায় সুষম পুষ্টি, আমিষ ও পর্যাপ্ত ক্যালরি নিশ্চিত করা অসম্ভব। রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্রের কর্মকর্তারা অপুষ্টি ও শারীরিক ক্লান্তিতে ভুগলে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ জাতীয় নীতি প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হবে।
আগামী ১০ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মীদের ১৫০ টাকার খাবারের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দিয়ে খাবারের বাজেট বৃদ্ধি অথবা বাসা থেকে নিজস্ব খাবার আনার আনুষ্ঠানিক নির্দেশ জারির দাবি জানানো হয়েছে এই আইনি নোটিশে।
এনএনবাংলা/ইএস


