কারফিউ বা সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করছে।
রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনাসংক্রান্ত তৃতীয় সভায় অংশ নেন তিনি।
ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সতর্ক অবস্থানের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি তাদের রুটিন কার্যক্রমের অংশ। এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হয়।
লকডাউন বা কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো পরিকল্পনা নাই।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো শঙ্কা নাই।’
জাজিরায় সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে
এদিকে শরীয়তপুরের জাজিরায় সংঘর্ষে প্রাণহানির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নওডোবা এলাকায় এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। প্রাথমিকভাবে এটি দুই পক্ষের আন্তঃকলহ বা সংঘর্ষ বলে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত এখনো হয়নি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এনএনবাংলা/


