গোপালগঞ্জে হচ্ছে না এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা, কেন্দ্র সরল দুই জেলায়

পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গোপালগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে না। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায়। গোপালগঞ্জের শিক্ষার্থীরা এ দুই জেলার চারটি নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বোর্ডের চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার পরীক্ষাকেন্দ্রগুলো মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে।
এ ছাড়া টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।
স্থানান্তরিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
এনএনবাংলা/


