দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই মূল্য আজ শনিবার রাত ১২টার পর থেকে সারাদেশে কার্যকর হবে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা করা হয়েছে। পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারে সমন্বয়ের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য সমন্বয় কার্যকর করা হয়েছে।
এর আগে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হলেও পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হলো। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, আমদানি ও সরবরাহ ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে।
জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, গত ফেব্রুয়ারির আন্তর্জাতিক বাজারে ডিজেলের গড় দরের তুলনায় ১-২৯ মার্চ সময়ে দাম ৯৮ শতাংশ বেড়েছে, অকটেনের বেড়েছে ২৬ শতাংশ। সরকার জনগণের স্বার্থে উল্লেখযোগ্য ভর্তুকি দিচ্ছে। এই দুটি জ্বালানি তেলের ক্ষেত্রে মার্চ-জুন প্রান্তিকে মোট ভর্তুকির প্রয়োজন হবে ডিজেলের ক্ষেত্রে ১৫ হাজার ৪০৯ কোটি টাকা ও অকটেনের ক্ষেত্রে ৬৩৬ কোটি টাকা, মোট ১৬ হাজার ৪৫ কোটি টাকা। এ ছাড়া পেট্রোবাংলার মাধ্যমে এলএনজি আমদানির জন্য এপ্রিল-জুন প্রান্তিকে ১৫ হাজার ৭৭ কোটি টাকা ভর্তুকির প্রয়োজন হবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ