রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং শহর-গ্রামের বিদ্যুৎ বৈষম্য কমাতেই ঢাকায় এই পরীক্ষামূলক লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, গ্রামীণ কৃষকরা যেন বিদ্যুৎ সংকটে ক্ষতিগ্রস্ত না হন এবং পর্যাপ্ত বিদ্যুৎ পান—এটি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে মাত্র ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে, যার কারণে লোডশেডিং অনিবার্য হয়ে পড়েছে।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে উঠেছে বলেও জানান তিনি। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
প্রতিমন্ত্রীর ভাষায়, এই উদ্যোগ দেশের জন্য একটি নতুন দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং বিদ্যুৎ সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা জোরদার করবে।
এনএনবাংলা/


আরও পড়ুন
২০০৯ সালের পর জন্মগ্রহণকারীদের ধূমপান নিষিদ্ধ, আইন করছে যুক্তরাজ্য
তিন বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ, আরও বহু ঝুঁকিতে: বিজিএমইএ
মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ