Skip to content

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পরামর্শ কমিটি গঠন করে তাদের সুপারিশের ভিত্তিতে দেশে একটি স্বাধীন ও শক্তিশালী ‘গণমাধ্যম কমিশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, রেগুলেশন মানেই নিয়ন্ত্রণ নয়; বরং একটি সুস্থ, স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই এর উদ্দেশ্য। এ ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রকের ভূমিকা নয়, বরং সহায়ক বা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করতে চায়।

রোববার রাজধানীর সার্কিট হাউজ রোডে অবস্থিত তথ্য ভবনের মিলনায়তনে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম’।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম খাতে একটি কৌশলগত অবস্থান নেওয়া জরুরি। এ লক্ষ্যেই তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়। দেশের একজন গ্রহণযোগ্য গণমাধ্যম বিশেষজ্ঞের নেতৃত্বে একটি পরামর্শ কমিটি গঠন করা হবে এবং তাদের সুপারিশের ভিত্তিতেই ‘গণমাধ্যম কমিশন’ চূড়ান্ত করা হবে।

তিনি উল্লেখ করেন, উন্নত দেশ যেমন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও রেগুলেটরি বডি রয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এমন একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে, যেখানে সরকারের ভূমিকা সীমিত থাকবে আইনি ও লজিস্টিক সহায়তা প্রদানে।

গণমাধ্যম শিল্পে বিদ্যমান অসংগতি তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি নির্ধারণে বর্তমানে যে পদ্ধতি চলছে, তা এক ধরনের প্রতারণার শামিল। কোটি কোটি টেলিভিশন সেটের বিপরীতে মাত্র কয়েকশ ডিভাইস দিয়ে টিআরপি নির্ধারণ করা গ্রহণযোগ্য নয়। ডিজিটাল যুগে সঠিক তথ্য সংগ্রহ করা কঠিন নয়, বরং তথ্যভিত্তিক বিশ্লেষণই হওয়া উচিত মূল ভিত্তি।

তিনি আরও বলেন, পত্রিকা মালিক, সম্পাদক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাই মিলে এমন একটি ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিচ্ছে, যা স্বচ্ছ নয়। সত্য গোপন না করে সঠিক তথ্য নিশ্চিত করা জরুরি। জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করেই একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, দৈনিক মানবজমিনের সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীসহ অন্যান্যরা।

এনএনবাংলা/পিএইচ