এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ
দেশে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানিযোগ্য গবাদিপশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে সরকার। এ বছর দেশে মোট ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি পশু কোরবানির জন্য প্রস্তুত আছে। সম্ভাব্য কোরবানির সংখ্যা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি, ফলে কোরবানির পর প্রায় সোয়া ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকতে পারে।
রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব তথ্য তুলে ধরেন। এ সময় প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন। সম্মেলনে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং সারাদেশে নির্বিঘ্ন পরিবহন নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
মন্ত্রী জানান, উৎপাদন চাহিদার তুলনায় বেশি হওয়ায় এ বছর কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না। এমনকি দেশে পর্যাপ্ত পশু থাকায় বিদেশ থেকে পশু আমদানিরও প্রয়োজন পড়বে না। পাশাপাশি অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট পশুর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতির পশু রয়েছে ৫ হাজার ৬৫৫টি।
উল্লেখ্য, গত বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি এবং কোরবানি শেষে প্রায় ৩৩ লাখ ১০ হাজার পশু উদ্বৃত্ত ছিল।
এনএনবাংলা/পিএইচ
