মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১ মে থেকে সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সভাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাদক নিয়ন্ত্রণে সিন্ডিকেটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে সরকার পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তিনি উল্লেখ করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এককভাবে কাজ করে না; বরং পুলিশ, র্যাবসহ অন্যান্য সংস্থাও এ অভিযানে অংশ নিয়ে সহায়তা করছে।
তিনি আরও বলেন, দেশে মাদকের বিস্তার দীর্ঘদিনের সমস্যা, যা একদিনে তৈরি হয়নি। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার জোরালো অভিযান চালাচ্ছে এবং প্রতিদিনই অগ্রগতি হচ্ছে। মাদকের পাশাপাশি অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধেও যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি পুলিশ পৃথকভাবেও অপারেশন চালিয়ে যাচ্ছে।
বিশেষ কোনো পরিকল্পিত অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রমই বিশেষ অভিযান হিসেবে সারাদেশে চলমান রয়েছে। তিনি জানান, মাদকবিরোধী অভিযানে এখন ব্যবহারকারীদের পরিবর্তে বড় চোরাচালানকারী এবং সীমান্ত দিয়ে মাদক আনা চক্রের সদস্যদের ধরার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে যারা মাদক সেবন করে, তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা তুলনামূলকভাবে সহজ বলেও উল্লেখ করেন তিনি।
এনএনবাংলা/পিএইচ
