জুনের মধ্যে মাঠ থেকে সব সেনা ব্যারাকে ফিরবে

আগামী জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে থাকা সব সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্ত প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে দূরবর্তী জেলা থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানো হবে। পরে পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও সেনা প্রত্যাহার করা হবে। জুন মাসের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মাঠে নামায় তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে প্রবল আন্দোলনের মুখে একই বছরের ৫ আগস্ট সরকার ক্ষমতাচ্যুত হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে দায়িত্ব পালন অব্যাহত রাখে।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদান করে। তবে সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই। বর্তমানে তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি আরও জানান, আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারলেও বর্তমানে তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না।
এনএনবাংলা/
