Skip to content

Upcoming
Colombia
0-0
Congo DR
Source: ESPN

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

ইউনিসেফ থেকে কেনা টিকার চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

হাম ও রুবেলার (এমআর) ১৫ লাখ ডোজ এবং টিটেনাস (টিডি) ভ্যাকসিনের ৯০ হাজার ডোজ দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ থেকে কেনা টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে ইউনিসেফকে ৮ কোটি ৩৬ লাখ টাকা প্রদান করেছে। এর মাধ্যমে ১০ ধরনের প্রায় ৯ কোটি ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে। এর আগে গত ৩ মে প্রথম চালানে ১৫ লাখ ৫ হাজার ডোজ আইপিভি ভ্যাকসিন সরবরাহ করা হয়।

তিনি আরও জানান, আগামী ১০ মের মধ্যে প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিভি, বিওপিভি ও পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছাবে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই সব ভ্যাকসিন সরবরাহ সম্পন্ন হবে।

মন্ত্রী বলেন, ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১৫ মাসের ভ্যাকসিন সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে ৩ মাসের বাফার স্টক রাখা হবে। এই প্রক্রিয়াও ইউনিসেফের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বর্তমানে টিসিভি ও এইচপিভি ভ্যাকসিনের দুই বছরের পর্যাপ্ত মজুদ রয়েছে।

নতুন সরবরাহের ফলে আগামী ৮ থেকে ১২ মাস পর্যন্ত দেশে কোনো ধরনের ভ্যাকসিন সংকট থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭৯ সাল থেকে ইপিআই কর্মসূচির আওতায় শিশু ও নারীদের জন্য ১২টি প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম চালু রয়েছে, যা বর্তমানে বিশ্বব্যাপী স্বীকৃত একটি সফল উদ্যোগ।

স্বাস্থ্যমন্ত্রী জানান, পূর্বে ওপেন টেন্ডারের মাধ্যমে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নেওয়া হলেও দায়িত্ব নেওয়ার পর তা বাতিল করে ইউনিসেফের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যার ফলে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

এনএনবাংলা/