শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদক মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনে আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ একটি প্যানেল নিয়ে সভাপতি পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। একই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে অন্তত দুটি প্যানেল অংশ নিতে যাচ্ছে। এক প্যানেলে থাকছেন বাপ্পারাজ ও মুক্তি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী।
যদিও বাপ্পারাজ এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি, তবে রুমানা ইসলাম মুক্তি ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে মুক্তি জানান, তার মা প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা সবসময় চেয়েছিলেন তিনি যেন শিল্পীদের কল্যাণে বড় দায়িত্বে কাজ করেন । সেই ইচ্ছা পূরণ করতেই তিনি শিল্পী সমিতির নেতৃত্বে আসতে চান।
বর্তমানে সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। তাদের মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
সে অনুযায়ী, আগামী জুলাইয়ের শেষ অথবা আগস্টের শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএনবাংলা/
