সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে দুই মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভাড়া তিনগুন

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করায় শিল্পাঞ্চল গাজীপুর থেকে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনগুণ পর্যন্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে এমন দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়। কোথাও কোথাও ঘণ্টার পর ঘণ্টা যানবাহন দাঁড়িয়ে থাকায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে ৫০০ টাকার ভাড়া হলেও এখন ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ক্ষুব্ধ যাত্রীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও মাওনা এলাকায় কিছু সময় সড়ক অবরোধ করেন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে মাওনা চৌরাস্তা এবং গাজীপুরের ভোগড়া এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট বিরাজ করছে।

এর আগে সোমবার বিকেল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় চার শতাধিক শিল্প-কারখানা ছুটি ঘোষণা করা হয়। এরপর থেকেই ঘরমুখী মানুষের স্রোত বাড়তে থাকে। দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত চন্দ্রা বাস টার্মিনাল এলাকায় রাতভর যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। আজ সকাল থেকে যাত্রীরা বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

যানজট নিয়ন্ত্রণে চন্দ্রা বাস টার্মিনাল, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

যাত্রী সজিব হোসেন বলেন, “গতকাল ছুটি পেয়েই রাতে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছি। কিন্তু প্রচণ্ড জ্যামের কারণে গাড়ি এগোতে পারছে না। আজ সকালে আবার গাড়ির জন্য অপেক্ষা করছি। এখন ৬০০ টাকার ভাড়া চাইছে ১৫০০ টাকা।”

পোশাক শ্রমিক আশা বেগম অভিযোগ করেন, “ভোট দিতে গ্রামের বাড়ি যেতে চাই। কিন্তু এত যানজট আর অতিরিক্ত ভাড়ার কারণে কোনো গাড়িতে উঠতে পারছি না। মনে হচ্ছে পুরো বিষয়টা সিন্ডিকেট হয়ে গেছে। প্রশাসনের তেমন কোনো তৎপরতাও চোখে পড়ছে না।”

গাবতলী থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর বাসের চালক আব্বাস উদ্দিন বলেন, “রাত ১টার দিকে সাভারে পৌঁছেছি, এরপর থেকে আজ সকাল পর্যন্ত চন্দ্রা পর্যন্ত আসতেই সময় লেগে গেছে। যাত্রীর চাপ অনেক বেশি, তাই ভাড়াও বেড়ে গেছে। অনেক গাড়ি এখনো জ্যামে আটকে আছে।”

গাজীপুর রিজিয়নের নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাউগাতুল আলম জানান, “নির্বাচন উপলক্ষে শিল্প-কারখানা ছুটি থাকায় শ্রমিকরা বাড়ি ফিরছেন। এতে মহাসড়কে বাড়তি চাপ পড়েছে। পুলিশ সদস্যরা যানজট নিরসনে কাজ করছেন। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। যারা বেশি ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এনএনবাংলা/পিএইচ