Skip to content

Upcoming
Spain
0-0
Saudi Arabia
Source: ESPN

চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী

চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আফরোজা খানম।

রোববার (২১ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে আগামী ৩০ বছরের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দরের উন্নয়নকাজসহ দেশের অন্যান্য বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রমও পর্যায়ক্রমে শুরু করা হবে। এর মাধ্যমে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

আফরোজা খানম আরও বলেন, আজ গৃহীত সিভিল এভিয়েশনের মাস্টারপ্ল্যান আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও বেশি সময়ের জন্য দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।

তার ভাষ্য অনুযায়ী, এ পরিকল্পনার আওতায় বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইনস খাতের সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, পরিবেশগত টেকসই নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মান ও চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তিনির্ভর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এনএনবাংলা/পিএইচ