




ইসরায়েল শনিবার বিকাল পর্যন্ত দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার একদিন পরই হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।
লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীদের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছেন।
আইডিএফ জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এক সামরিক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে লেবাননে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন।
চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্ব ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয়ের পর এই নির্দেশনা জারি করা হয়।
এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক বিবৃতিতে এক ‘জ্যেষ্ঠ কর্মকর্তা’ জানান, নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন যতদিন থাকবে, ততদিন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান অব্যাহত থাকবে।
ওই কর্মকর্তা আরও জানান, হিজবুল্লাহর যেকোনো হামলার কঠোর জবাব দিতে এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিদ্যমান সব ধরনের হুমকি মোকাবিলায় আইডিএফকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিবৃতিতে আরও বলা হয়, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে আইডিএফ প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং প্রায় ১০০ জনকে হত্যা করেছে। একই সঙ্গে ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে হিজবুল্লাহ আবার হামলা চালালে আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
তবে হিজবুল্লাহর হামলায় নিজেদের কোনো হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইডিএফ। তাদের দাবি, সাম্প্রতিক এসব হামলা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের অংশ।
এনএনবাংলা/পিএইচ
Tags: ইসরায়েলনিহত ২৭লেবানহামলা
এ সম্পর্কিত আরও পড়ুন