Skip to content

জুলাই ডকুমেন্টারি ঘিরে হট্টগোল, ‘আবু সাঈদের ছবি নেই, এটা কোনো ডকুমেন্টারি নয়’: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, যে ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়। তিনি বলেন, বিপ্লবের প্রতীক শহীদ আবু সাঈদের কোনো ছবি না থাকা অত্যন্ত দুঃখজনক।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘২৭ বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি এবং এখন ৮২ বছর বয়সে বাংলাদেশের জনগণের শাসন ও গণতন্ত্রকে চিরস্থায়ী করার জন্য প্রয়োজনে আরও একবার লড়াই করবো।’

তিনি বলেন, ‘জাতীয় অনুষ্ঠানে এমন হট্টগোল দুঃখজনক ও লজ্জার। জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম, তা দুঃখজনক। যে প্রামাণ্যচিত্র দেখানো হয়েছে, তাতে অসঙ্গতি আছে। এজন্য দুঃখপ্রকাশও করা হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে বিশৃঙ্খলা কাম্য নয়।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তাদের যদি অধিকার আদায়ের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতে হয়, তাহলে সেটি লজ্জাজনক।’

তিনি বলেন, ‘এই সরকারের মূল দায়িত্ব হলো জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ধারণ করে তাদের জন্য কাজ করা।’

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে জুলাই গণ–অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের বিভিন্ন দিক পরিপূর্ণভাবে তুলে ধরা হয়নি—এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানান শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির উপস্থিতিতেই অনুষ্ঠানে হট্টগোল ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এনএনবাংলা/