জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

রাজধানীর শেরেবাংলা নগরে (গণভবন) অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে জাদুঘরে প্রবেশ করতে হলে আগে থেকেই অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে হবে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য আগ্রহীদের প্রথমে ‘জুলাই ৩৬’ ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে একই ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
জাদুঘরের প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। আগামী ৬ আগস্ট থেকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।
অনলাইনে টিকিট সংগ্রহ করবেন যেভাবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের জন্য সরকারি অফিসিয়াল টিকিট বুকিং ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর পছন্দের তারিখ ও সময় নির্বাচন করে অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।
এনএনবাংলা/
