Skip to content

ইমরান খানের মুক্তি দাবিতে পাকিস্তানে বিক্ষোভ, ধরপাকড় ও গণমাধ্যমে নিষেধাজ্ঞা

বুধবার লাহোরে ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ করেন পিটিআই সমর্থকরা। ছবি: এএফপি

ইমরান খানের মুক্তি দাবিতে পাকিস্তানের বিভিন্ন শহরে বুধবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশের কঠোর অবস্থানের মধ্যেও সমর্থকরা কর্মসূচি পালন করেন। এ সময় পাঞ্জাব প্রদেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ২০ জনের বেশি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাঞ্জাবে পিটিআইয়ের ২০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। এদিকে এএফপির প্রকাশিত কয়েকটি ছবিতে লাহোরে দলীয় কর্মীদের বড় জমায়েত দেখা যায়। পরে সেখান থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

বিক্ষোভ চলাকালে সমর্থকদের হাতে ‘ইমরান খানকে মুক্তি দিন’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। বুধবার কারাবন্দি জীবনের তিন বছর পূর্ণ করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ৭৩ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার সাজা স্থগিত বা বাতিল করা হলেও অন্যান্য মামলা বিচারাধীন থাকায় তিনি এখনও কারাগারে আছেন।

এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের দিন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ সংগ্রহের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী ইসলামাবাদ, করাচি ও লাহোরে সংবাদ সংগ্রহ করতে হলে বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি বিদেশি গণমাধ্যমের হয়ে কাজ করা পাকিস্তানি নাগরিকদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ কার্যকর হবে।

এনএনবাংলা/