ঢাবির ছাত্রী হলের গেট বন্ধ রাত ১১টায়, সাময়িক বরখাস্ত ৪ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাত ১১টায় হলের গেট বন্ধ হবে। এত দিন রাত ১০টায় গেট বন্ধ করা হতো। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
একই সভায় জুলাই গণ-অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান চাঁন ও অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক। অধ্যাপক মশিউর রহমান সিদ্ধান্তটিকে মুক্তবুদ্ধি চর্চার পরিপন্থী বলে দাবি করেছেন। অধ্যাপক মাহবুবুর রহমানও হতাশা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষেই ছিলেন। তাঁর দাবি, এক শিক্ষার্থীকে জামিন করাতে তিনি থানায়ও গিয়েছিলেন। অধ্যাপক ওয়াহিদুজ্জামান চাঁনের বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করে শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমানকেও (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধিকতর তদন্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজে অনার্স-মাস্টার্স এবং সংগীতে এমফিল-পিএইচডি করলেও নিয়োগ বিজ্ঞপ্তিতে সংগীতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক ছিল।
এনএনবাংলা/ এনএইচ

