জাতিসংঘ অধিবেশনে মাহমুদ আব্বাসকে আবারও ভিসা দিল না যুক্তরাষ্ট্র

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা আবারও বাতিল করেছে যুক্তরাষ্ট্র। টানা দ্বিতীয় বছরের মতো আব্বাসের পাশাপাশি তাঁর প্রতিনিধিদলের সদস্যদের ভিসার আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে বলে ফিলিস্তিনি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মাহমুদ আব্বাসসহ ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আগের চুক্তিগুলোর অধীনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মাহমুদ আব্বাসের নাম সরাসরি উল্লেখ না করলেও আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কোনো কর্মকর্তাকে ভিসা দেবে না। একই সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) কর্মকর্তা ও সদস্যদের জন্য ভিসা নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনতান্ত্রিক প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে চরম ব্যর্থতা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে টেকসই শান্তির সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আয়োজনের মাত্র কয়েক দিন আগে মার্কিন কংগ্রেসকে এই সিদ্ধান্ত সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে পররাষ্ট্র দপ্তর।
উল্লেখ্য গত বছরও আব্বাসকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ভিসা দেয়নি ওয়াশিংটন। পরে জাতিসংঘের সাধারণ পরিষদ তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি দেয়।
এবারও আব্বাসের অনুপস্থিতিতে জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধিত্ব কীভাবে হবে, তা নিয়ে আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে নিউইয়র্কে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের অধিবেশনে তার সরাসরি উপস্থিতি নিশ্চিত হচ্ছে না।
এনএনবাংলা/এফএস
