সীমান্তের ওপার থেকে আসা কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: রিজভী

দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তের ওপার থেকে পরিচালিত কোনো ষড়যন্ত্রই বাংলাদেশের মাটিতে সফল হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শক্তি বাইরে বসে আবারও দেশের পরিস্থিতি অশান্ত করার চক্রান্তে লিপ্ত রয়েছে।
আগামী ১৬ ডিসেম্বরকে ঘিরে নানা ধরনের উসকানিমূলক কথাবার্তা ও বাংলাদেশ দখলের হুমকির প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সর্বদা ঐক্যবদ্ধ। কোনো আধিপত্যবাদী শক্তির আগ্রাসন বা প্রভাব বিস্তার এ দেশের মানুষ কখনোই মেনে নেবে না।
বক্তব্যের একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উল্লেখ করে রিজভী স্পষ্টভাবে জানান, দেশের মাটিতে তার আর ফিরে আসার বা পা রাখার কোনো সুযোগ নেই।
এনএনবাংলা/ইএস


