‘আসিব, আসিব বলিয়া কত দিন পার হবে?’

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিঠি পাঠানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনার ফেরার বিষয়ে বিভিন্ন সময় দেওয়া তারিখ নিয়ে সরকারের কোনো মনোযোগ নেই। সরকার সব সময় সতর্ক রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এখন আসিব, আসিব বলিয়া কত দিন পার হবে, কোন দিন! একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ। এগুলো তো আমাদের মনোযোগ নাই। আমরা সব সময় সতর্ক আছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে চান, তা আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে দেখা গেছে। তবে তিনি কেবল প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) অনুসারেই দেশে ফিরতে পারেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ভারতও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে নয়, বরং নিজেদের কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতন ও পলায়নের পর দলটির রাজনৈতিক দল হিসেবে কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না।
তিনি বলেন, ইতিহাস সাক্ষী, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর কখনো বাংলাদেশে প্রত্যাবর্তন করতে বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি একটি চলমান বিচারিক প্রক্রিয়া। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক আওয়ামী লীগ নেতারা সীমান্তের ওপারে পশ্চিম ও পূর্ব অঞ্চলে অবস্থান করে দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো নাশকতামূলক কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের প্রতারণা ও ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
তিনি বলেন, দেশের জনগণ কখনোই এ ধরনের অপতৎপরতা মেনে নেবে না। কোনো প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলে তাদের আগের সব অপচেষ্টা ভণ্ডুল করেছে।
ভবিষ্যতেও কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে অত্যন্ত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
অস্থিরতার আশঙ্কায় বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রম
বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত ও রুটিন কার্যক্রম।
তিনি জানান, মহান বিজয় দিবস সুচারুভাবে ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে সব নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
গোপালগঞ্জে নাশকতা: কয়েকজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
গোপালগঞ্জে নাশকতা ও পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে।
সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও সেখানে কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে বলে জানান তিনি।
শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ
গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সম্মতিতে এবং মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট।
তিনি অভিযোগ করেন, বর্তমানে শ্রমিক অঞ্চলে গুজব ছড়িয়ে যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নন। একটি মহল শ্রমিক অসন্তোষকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এ ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
এনএনবাংলা/


