সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission
১ হাজারের জন্য মালিকপক্ষের ভোটাভুটি

পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল

ফাইল ছবি: দ্য গার্ডিয়ান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন মজুরিকাঠামোতে বিভিন্ন গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এ গ্রেডে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিম্নতম মজুরি বোর্ডের সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ভোটাভুটিতে নতুন মজুরি চূড়ান্ত হয়। রাত ২টা পর্যন্ত চলা বৈঠকে উভয়পক্ষ নিজেদের প্রস্তাবে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। নতুন কাঠামোতে তা বেড়ে হয়েছে ২১ হাজার ৫০০ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। আগে এ গ্রেডের শ্রমিকেরা ১৪ হাজার ২৭৩ টাকা মজুরি পেতেন। নতুন কাঠামোতে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকা।

অন্যদিকে, জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা। আগে এ গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ গ্রেডের শ্রমিকেরা পাবেন ১৯ হাজার ২০০ টাকা।

নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

ভোটাভুটিতে চূড়ান্ত ১৭ হাজার টাকা
মঙ্গলবার মজুরি বোর্ডের সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির সংশোধিত প্রস্তাব দেয়। তবে দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত ভোটাভুটির সিদ্ধান্ত নেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি।

বোর্ডের ছয় সদস্য ভোট দেন। এতে শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ভোট দেন ১৭ হাজার টাকার পক্ষে। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

বৈঠক শেষে বুধবার ভোর ৪টার দিকে গণমাধ্যমকে মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, তা চূড়ান্ত করতে বুধবার বোর্ডের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

এনএনবাংলা/