ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনে ৫৫ দলকে সংলাপের আমন্ত্রণ

দেশে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা দিয়েই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে কমিশন। আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী সংলাপে অংশ নিতে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব জানান, সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
তিনি বলেন, গত ৩১ আগস্ট কমিশন যে ভোটার সংখ্যা জানিয়েছিল, তার তুলনায় সর্বশেষ হালনাগাদে দেশে নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
ইউপি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের সময়সূচিও জানিয়েছেন আখতার আহমেদ। তিনি জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। এতে অংশ নেওয়ার জন্য মোট ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
এনএনবাংলা/


