সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

দেশবরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। ফাইল ছবি

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন দেশবরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। তিনি জানিয়েছেন, গত পাঁচ-ছয় দিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন মামুনুর রশীদ। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।

সুজাত শিমুল আরও জানান, আজ সন্ধ্যায় চিকিৎসকেরা মামুনুর রশীদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাবেন।

এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল এই অভিনেতাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি। তবে এবারও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হলো।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তাঁর বিশেষ খ্যাতি। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

এনএনবাংলা/