সাম্প্রতিক
Skip to content

Independent University Bangladesh Spring 2027 admission

সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী ফ্লাইটে ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বিদেশগামী কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় দেশটির শ্রমবাজার আবারও উন্মুক্ত হয়েছে। প্রথম ধাপে ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে পাঠানো সম্ভব হবে। এ উদ্যোগের জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান তিনি।

বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠানো গেলে তা ব্যক্তি ও দেশের জন্য লাভজনক হবে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।

কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে প্রত্যেককে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেখা হবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ইতিহাসে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে বিনা খরচে বিদেশে জনশক্তি পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বিদেশগামী কর্মীদের হাত ধরে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও স্বনির্ভর হবে।

প্রতিমন্ত্রী নুরুল হক মালয়েশিয়ার দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় মালয়েশিয়া সফরের ফলেই শ্রমবাজারটি আবার উন্মুক্ত হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মীদের দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের সুনাম বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের হাতে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র তুলে দেন। পরে তাঁদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং কুশল বিনিময় করেন।

এনএনবাংলা/