হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,০২১

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২১ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৬৫ জনে। আর নিশ্চিত হামে মারা গেছেন ১০৬ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৪৬ জন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ২৪৫, সিলেটে ১৬৩, খুলনায় ১০২, বরিশালে ৭৫, ময়মনসিংহে ৫৬, রংপুরে ২৩ এবং রাজশাহীতে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন। এ সময়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৪৩৬ জনের।
এনএনবাংলা/


