অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সুনামগঞ্জে টহল জোরদার

সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র টহল জোরদার করা হয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ বিজিবি’র ৩টি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা,অবৈধ অনুপ্রবেশ ও আন্ত:সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর।
বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়েছে।
সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাটালিয়নের আওতাধীন ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপি’র মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রীকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌর বিদ্যুৎ চালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে।
এছাড়াও নাইটভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবহার করা হচ্ছে এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।
এসব উদ্যোগ সুনামগঞ্জসহ সমগ্র সিলেট সীমান্তের নিরাপত্তা সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।
এছাড়া ১৮০ কোটি টাকারও বেশি দামের চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।বিজিবি’র নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবি’কে সহযোগিতা করছেন।সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে।
সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীনস্থ ৩টি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পরিচালিত হবে।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।
এনএনবাংলা/ইএস


