সাবেক এমপি আনার কন্যা ডরিন ৩ দিনের রিমান্ডে

বিস্ফোরকদ্রব্য আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ডরিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওয়ারী জোনাল টিমের এসআই মো. শাহাদাত হোসেন নাফিজ রিমান্ড আবেদনে বলেন, মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে দেশবিরোধী কার্যকলাপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ডরিনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার এজাহার অনুযায়ী, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ পুলিশের। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের বিভিন্ন আলামত জব্দের পর ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।
এনএনবাংলা/


