সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ ৮ নির্মাণশ্রমিক নিহত

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আটজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, একটি পিকআপ ভ্যানে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসছিল কাঁঠালবোঝাই একটি ট্রাক।
তেলিবাজার এলাকায় পৌঁছালে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। দুর্ঘটনার পরপরই হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে ঢাকা সিলেট মহাসড়কের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক প্রাণ হারান।
এনএনবাংলা/
