Skip to content

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে আবারও হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন সরকারের মেয়াদে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়ে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ।

সোমবার (৪ মে) তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন।

রিট আবেদনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করতে একটি কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রণীত আইন, গঠিত সংস্কার কমিশন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তিগুলোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আইনজীবী মহসিন রশিদ গণমাধ্যমকে জানান, তিনি আজ বিকেলে হাইকোর্টে রিটটি শুনানির জন্য উপস্থাপন করার চেষ্টা করবেন। আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই আইনজীবী বর্তমান সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন।

এনএনবাংলা/পিএইচ