Skip to content

LIVE 31'
Uzbekistan
0-0
Colombia
Source: ESPN

শাপলা চত্বর হত্যাকাণ্ড: ঢাকাতেই ৩২ জন হত্যার প্রমাণ পাওয়া গেছে

২০১৩ সালে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক হতাহতের অভিযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, শুধু ঢাকাতেই অন্তত ৩২ জনকে হত্যার প্রমাণ পাওয়া গেছে।

রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

চিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজধানীতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ মিলেছে। তবে তদন্তের শেষ পর্যায় চলমান থাকায় চূড়ান্ত সংখ্যাটি এখনই নির্ধারণ করা সম্ভব নয়।

২০১৩ সালের ৫ মে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে। ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ, ব্লগারদের শাস্তি দাবি এবং নারী নীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

সেদিন দিনভর উত্তেজনা ও সহিংসতার পর রাতে মতিঝিল এলাকায় সৃষ্টি হয় চরম আতঙ্ক। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী—পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বর খালি করা হয়।

দীর্ঘ ১৩ বছর পর এই ঘটনার তদন্ত প্রায় শেষ হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে ঘটনার প্রকৃত চিত্র ও দায় নির্ধারণ আরও পরিষ্কার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএনবাংলা/