ঢাকা বার নির্বাচন: ভোট দিলেন ৭০৬৯ আইনজীবী
উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে দুই দিনব্যাপী ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এর মধ্যে দ্বিতীয় দিনে ভোট দিয়েছেন ৪ হাজার ৩১০ জন এবং প্রথম দিনে ভোট দিয়েছেন ২ হাজার ৭৫৯ জন। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় ভোট গণনা শুরু হবে।
দ্বিতীয় দিনের শুরু থেকেই আদালতপাড়ায় আইনজীবীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন অংশগ্রহণকারীরা। ভিড় এড়াতে অনেকেই আগেভাগে কেন্দ্রে উপস্থিত হন।
নির্বাচনকে ঘিরে নীল ও সবুজ প্যানেলের সমর্থকদের সরব উপস্থিতিতে পুরো আদালত এলাকা প্রাণচঞ্চল হয়ে ওঠে। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পরিবেশ। “আইনজীবীদের অধিকার রক্ষা করব” ও “সততা ও পেশাদারিত্বের জয় হোক”—এমন নানা স্লোগানে জমে ওঠে নির্বাচনী আবহ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক বুথ স্থাপন করা হয়। নারী আইনজীবীদের জন্য ছিল পৃথক বুথের ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করেন।
শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরাও ভোটকেন্দ্র এলাকায় অবস্থান নেন। শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ে ব্যস্ত সময় কাটান তারা।
এর আগে বুধবার প্রথম দিনে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ওইদিন ভোট দেন ২ হাজার ৭৫৯ জন আইনজীবী।
সমিতি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৭৩১। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে লড়ছেন ৫৪ জন প্রার্থী।
মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি সমর্থিত নীল প্যানেল এবং জামায়াত-এনসিপি সমর্থিত সবুজ প্যানেলের মধ্যে। আওয়ামীপন্থি আইনজীবীদের প্যানেল নির্বাচনে অংশ না নেওয়ায় বিষয়টি বাড়তি আলোচনা তৈরি করেছে।
এনএনবাংলা/
