Skip to content

Upcoming
Ivory Coast
0-0
Ecuador
Source: ESPN

মে মাসেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

ছবি: রয়টার্স

আগামী মে মাসেও দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের শক্তি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই মে মাসজুড়ে বহাল থাকবে। ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ১৮ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থার ওপর ভিত্তি করেই ওই মূল্য নির্ধারণ করা হয় এবং তা মে মাসেও অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল ১ মে থেকে কার্যকর হবে।

এ বিষয়ে জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বৈশ্বিক বাজারে দামের ওঠানামা এবং আমদানি ব্যয় বিবেচনায় নিয়েই প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে দাম সমন্বয় করা হতে পারে বলেও তারা ইঙ্গিত দেন।

এদিকে, সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রজ্ঞাপন অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনএনবাংলা/