Skip to content

LIVE 11'
Netherlands
0-0
Japan
Source: ESPN

হাঁটুপানিতে বসে অনার্স ফাইনাল পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখা আবারও বৃষ্টির পানিতে ডুবে গেছে। এতে করে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের হাঁটুপানিতে বসেই ফাইনাল পরীক্ষা দিতে হয়েছে।

টানা দুই দিনের বৃষ্টিতে কলেজটির কলাভবন, বিজ্ঞান ভবন, ব্যবসায় শিক্ষা ভবন ও মিলেনিয়াম ভবনে পানি প্রবেশ করে। বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কলা ভবন ও ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলায় পানি জমে থাকে।

বুধবার এসব ভবনের নিচতলায় আসন পড়া শিক্ষার্থীরা হাঁটুপানিতে বেঞ্চে বসে পা তুলে অনার্স ফাইনালের প্রথম পরীক্ষায় অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, এই জলাবদ্ধতার সমস্যা নতুন নয়; প্রায় এক যুগ ধরে তারা একই ভোগান্তির শিকার। বিভিন্ন সময় সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং প্রতিবছরই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনগুলোর অবকাঠামো।

বরুড়া উপজেলা থেকে পরীক্ষা দিতে আসা তাহমিনা আক্তার বলেন, পরীক্ষার হলে পৌঁছাতে টুলের সেতু পার হতে হয়েছে। বাইরে শুকনো থাকলেও হলে পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিতে হয়েছে, মশার কামড়েও ভুগতে হয়েছে।

কলেজের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক আগ্রহ থাকলেও তাদের ন্যূনতম স্বাস্থ্যঝুঁকি বা পড়াশোনার পরিবেশ নিয়ে কারও মাথাব্যথা নেই। প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর এই কলেজ বছরের পর বছর অবহেলায় ধুঁকছে বলেও তিনি মন্তব্য করেন।

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁইয়া জানান, বাইরের পানি ক্যাম্পাসে ঢুকে পড়ায় সামান্য বৃষ্টিতেই কয়েকটি ভবনের নিচতলা প্লাবিত হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে সড়ক নির্মাণ ও ড্রেনেজ প্রকল্পের দুটি কাজের টেন্ডার হয়েছে, তবে কাজ শুরু না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়নি।

পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে আসন পুনর্বিন্যাস করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী পরীক্ষার আগে জলাবদ্ধতা সমস্যা কিছুটা হলেও সমাধান হবে।

এনএনবাংলা/