Skip to content

তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

দেশের বিভিন্ন জেলার ওপর বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, খুলনা বিভাগ এবং ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ ঝড়ো হাওয়া, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুলেটিন অনুসারে, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এবং মৌসুমী নিম্নচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

—ইউএনবি