তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে রওনা হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।সফরসূচি অনুযায়ী, আগামী ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ঢাকা ও মস্কোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার বিষয়টি এ সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। সফরকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রথম রাশিয়া সফর।
এদিকে, গত বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে মস্কো আগ্রহী। একই সঙ্গে ৭ থেকে ৯ জুন পর্যন্ত এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে রাশিয়া।
বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বহুপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে মতবিনিময় হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে উল্লেখ করে বলেছে, বৈশ্বিক দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলোর স্বার্থ রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জাতিসংঘের কার্যকারিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনএনবাংলা/পিএইচ
