Skip to content

LIVE 45'+3'
England
2-1
Croatia
Source: ESPN

যুক্তরাষ্ট্রে এবার সড়কে আছড়ে পড়ল যাত্রীবাহী উড়োজাহাজ , নিহত ১

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ছয়জনের মধ্যে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে একজন প্রাণ হারালেও মহাসড়কে চলাচলরত কোনো গাড়ির যাত্রী আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

লারেডো পুলিশ বিভাগের তদন্ত কর্মকর্তা হোসে বায়েজা জানান, স্থানীয় সময় রাত ১০টার কিছু পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনার পরপরই মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অবতরণের সময় বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে এবং পরে একটি চলন্ত গাড়িকে ধাক্কা দেয়, এরপরই সেটি মহাসড়কে বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি সড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে আছে এবং এতে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানান, তিনি সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন বিমানের ভেতরে থাকা একজন ব্যক্তি ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় আশপাশের লোকজনও উদ্ধার কাজে এগিয়ে আসেন।

তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর বিমানের দরজা খুলে গেলে কিশোর-কিশোরী বয়সী বলে মনে হওয়া তিনজন দ্রুত বেরিয়ে আসে। তাদের পেছনে পাইলট বলে ধারণা করা আরও একজন বের হন। পরে একজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা আরেকজনকে বিমানের বাইরে আনার চেষ্টা করেন।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে জাইরা গারজা বলেন, “দৃশ্যটা যেন কোনো সিনেমার মতো ছিল। আগুন দেখে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম, কারণ যে কোনো মুহূর্তে বিমানটি বিস্ফোরিত হতে পারত।”

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কীভাবে এবং কেন বিমানটি মহাসড়কে বিধ্বস্ত হলো, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন

এনএনবাংলা/পিএইচ