




ভারত ও মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। বিশেষ করে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বর্তমানে বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইন করা ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ১১ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে এবং বাকিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বিএসএফের ৩৬টি পুশইন প্রচেষ্টা সফলভাবে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রী জানান, মিয়ানমার সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে বাংলাদেশ সরকার সবসময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করেছে এবং ক্ষতিপূরণ ও জবাবদিহিতার বিষয়ে কূটনৈতিকভাবে চাপ অব্যাহত রেখেছে।
এনএনবাংলা/
Tags: Border Security BangladeshBSF Push-Inসীমান্তে কাঁটাতারের বেড়াস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
এ সম্পর্কিত আরও পড়ুন