Skip to content

Upcoming
England
0-0
Croatia
Source: ESPN

প্রথমবারের মতো ইউএনএইচসিআরের নির্বাহী কমিটি ব্যুরোর সভাপতি বাংলাদেশ

নাহিদা সোবহান। ফাইল ছবি

প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR)-এর নির্বাহী কমিটি (ExCom) ব্যুরোর সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন জেনেভায় জাতিসংঘ কার্যালয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

মঙ্গলবার জেনেভায় বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম বাংলাদেশ নির্বাহী কমিটির ব্যুরোতে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী কমিটির ব্যুরো হল চার সদস্যের একটি নেতৃত্ব কাঠামো, যা কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা প্রদান করে এবং বৈশ্বিক শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুতিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে সহায়তা করে।

নির্বাহী কমিটির ব্যুরোতে প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্ভুক্তি ও নেতৃত্বের এই দায়িত্ব গ্রহণকে আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ মিশন।

নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের অভ্যন্তরীণ পরামর্শক্রমে বাংলাদেশ সর্বসম্মত আঞ্চলিক প্রার্থী হিসেবে মনোনীত হয়। পরে ভিন্ন দুটি আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে সেই মনোনয়ন সমর্থন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সমর্থন বাংলাদেশের নেতৃত্বের প্রতি বিভিন্ন আঞ্চলিক গ্রুপজুড়ে বিদ্যমান ব্যাপক আস্থার প্রতিফলন। পরবর্তীতে বাংলাদেশের মনোনয়ন নির্বাহী কমিটির সব ১১০ সদস্য রাষ্ট্রের সমর্থন লাভ করে।

বাংলাদেশ মিশনের মতে, সভাপতি হিসেবে বাংলাদেশের নির্বাচিত হওয়া নবনির্বাচিত সরকারের নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থায় দেশের ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতি বহন করে।

পেশাদার কূটনীতিক রাষ্ট্রদূত নাহিদা সোবহান এর আগে রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। সে সময় ইউএনএইচসিআরসহ বিভিন্ন জাতিসংঘ সংস্থার সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করেন তিনি।

নাহিদা সোবহান জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (FDMN) বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সদস্য-সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই টাস্কফোর্স বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে জাতীয় নীতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সমন্বয় তদারকি করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দায়িত্ব গ্রহণ মানবিক ও জোরপূর্বক বাস্তুচ্যুতিসংক্রান্ত বিষয়ে বাংলাদেশের গঠনমূলক নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির প্রতিফলন।

বিশেষ করে বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের পক্ষে ধারাবাহিকভাবে সোচ্চার ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের এ নির্বাচন বিশেষ তাৎপর্য বহন করছে।

এনএনবাংলা/