




প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয় বলে জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৪ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম. শহীদুল করিম বলেন, এ বিষয়ে ভারতীয় পক্ষের দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি বৈঠকে ডা. জাহেদ উর রহমান যে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন, সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে অবহিত করা হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “তা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে তাকে নিয়ে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।”
চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে ভারতে প্রবেশের সময় দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে বাধার মুখে পড়তে হয়। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কেও প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। এ বিষয়ে শহীদুল করিম বলেন, বাংলাদেশ বিশ্বাস করে প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব তার ভূখণ্ডে বসবাসরত সংখ্যালঘুসহ সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি পুনর্ব্যক্ত করেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের সব নাগরিকের অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে মঙ্গলবার (২৩ জুন) দিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডা. জাহেদ উর রহমান ১৪ জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। আইওআরএ বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে পরে তিনি নিজেই ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
একই ব্রিফিংয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে মন্দির কমপ্লেক্সের অংশ হিসেবে রামের ৮১ ফুট উঁচু মূর্তি নির্মাণকে ঘিরে সৃষ্ট বিতর্ক নিয়েও মন্তব্য করে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে কিছু হিন্দু দেবদেবীর অবমাননার অভিযোগের খবর পাওয়া গেছে এবং এ ঘটনায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করছে।
এনএনবাংলা/
Tags: ডা. জাহেদ উর রহমানদিল্লি বিমানবন্দর ঘটনাবাংলাদেশ-ভারত সম্পর্কভারতের ব্যাখ্যা প্রত্যাখ্যান
এ সম্পর্কিত আরও পড়ুন