যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম। সোমবার (২০ জুলাই) বাকিংহাম প্যালেসে রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাতের পর তিনি নতুন সরকারের নেতৃত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেসের প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতি।
বিবৃতিতে বলা হয়, রাজা চার্লস তৃতীয় রাইট অনারেবল অ্যান্ড্রু বার্নহাম এমপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। বার্নহাম সেই আহ্বান গ্রহণ করলে তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং ট্রেজারির ফার্স্ট লর্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নিয়োগের এই ঐতিহ্যবাহী প্রক্রিয়াটি ‘কিসড হ্যান্ডস’ নামে পরিচিত। যদিও বর্তমানে এ অনুষ্ঠানে প্রতীকী আনুষ্ঠানিকতা পালন করা হয়, বাস্তবে হাত চুম্বনের কোনো রীতি আর অনুসরণ করা হয় না। এ সময় বার্নহামের স্ত্রী মারি-ফ্রান্স ভ্যান হিলও রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, সাংবিধানিক প্রথা অনুযায়ী বিদায়ী প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২৪ মিনিটে পরিবারের সদস্যদের সঙ্গে বাকিংহাম প্যালেসে পৌঁছে রাজা চার্লস তৃতীয়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। প্রায় ৩০ মিনিট পর তিনি প্রাসাদ ত্যাগ করেন।
স্টারমারের বিদায়ের পর স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে স্যুট-টাই পরিহিত অ্যান্ডি বার্নহাম বাকিংহাম প্যালেসে পৌঁছান। রাজার সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ শেষে তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এনএনবাংলা/
