বিভীষিকাময় সেই স্মৃতি আজও কাঁদায়
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান এফ-৭ বিজিআই আছড়ে পড়ে। ভবনের ভেতরে ঢুকে বিমানটি বিধ্বস্ত হলে ঘটে ভয়াবহ দুর্ঘটনা।
এই মর্মান্তিক ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষিকা, তিনজন অভিভাবক এবং একজন পরিচালকের প্রাণহানিসহ মোট ৩৫ জন নিহত হন। এছাড়া অগ্নিদগ্ধ হন আরও ১৭২ জন। এক বছর পেরিয়ে গেলেও সেই বিভীষিকাময় দিনের স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় স্বজনহারাদের, আহতদের, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দেশবাসীকে।
এদিকে, দুর্ঘটনার প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিহত ও আহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সহপাঠীদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগের মধ্য দিয়ে দিনটি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী স্মরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম দিনে প্রতিষ্ঠানের ১৬টি শাখায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিয়াবাড়ি ক্যাম্পাসে আহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার দিয়াবাড়ি ক্যাম্পাস ছাড়া মাইলস্টোনের অন্যান্য শাখায় সাধারণ কর্মসূচি পালন করা হবে। আর দিয়াবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে দুটি বিশেষ আয়োজন।
এনএনবাংলা/
