Skip to content

রোমে আটকা শতাধিক যাত্রীর দুর্ভোগ, বাংলাদেশ থেকে যাচ্ছে প্রকৌশলী দল ও যন্ত্রাংশ

ছবি: সংগৃহীত

‘যান্ত্রিক ত্রুটির’ কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। কারিগরি ত্রুটি সমাধানে বাংলাদেশ থেকে দুই সদস্যের প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে।

কানাডার টরন্টো থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে ইতালিতে জরুরি অবতরণ করে। ফ্লাইটটির যাত্রীদের অভিযোগ, কেবল কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীদের জন্য বিমানের পক্ষ থেকে ‘আবাসনের ব্যবস্থা করা হয়েছে’। অন্য যাত্রীরা ‘প্রিমা ভিস্তা’ নামের একটি লাউঞ্জে অবস্থান করছেন। সেখানে কয়েকজন যাত্রী অসুস্থ বোধ করার কথাও জানিয়েছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি সমাধানের জন্য দুই সদস্যের প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।

আড়াইশর বেশি যাত্রী নিয়ে উড়োজাহাজটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় আট ঘণ্টা উড়ার পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উড়োজাহাজটি রোমের স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

‘বাংলাদেশি পাসপোর্টের জন্য ভোগান্তি পোহাতে হল’

ফিউমিচিনো বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে তাদের ভোগান্তির কথা জানাচ্ছেন।

একটি ভিডিওতে লাউঞ্জে অবস্থান করা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. আবু সাঈদ বলেন, তারা গত শুক্রবার টরন্টো থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেন। পরদিন সকালে ফ্লাইটটি রোমের বিমানবন্দরে যাত্রাবিরতি করে।

তিনি জানান, বিভিন্ন ত্রুটির কথা বলে যাত্রীদের প্রায় আট ঘণ্টা বিমানের ভেতরে অপেক্ষা করানো হয়। বিমানে অনেক বয়স্ক মানুষ, শিশু ও অসুস্থ ব্যক্তি ছিলেন। তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। অন্য যাত্রীরাও শারীরিকভাবে অসুস্থ বোধ করেন বলে জানান তিনি।

পরে বিমানের কর্মকর্তারা বাংলাদেশে কথা বলে যাত্রীদের বিমানবন্দরে আসার সুযোগ দেন। তবে ফ্লাইটের প্রায় ১৭০ জন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বিমানবন্দর ছেড়ে হোটেলে যেতে পারেননি।

আবু সাঈদ বলেন, রাত ১১টার দিকে বিমানের একজন কর্মকর্তা ব্যবস্থা করার পর তারা সবাই লাউঞ্জের মেঝেতে বা চেয়ারে শুয়ে-বসে নির্ঘুম সময় কাটান। বাংলাদেশি পাসপোর্ট থাকার কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ত্রুটি সারাতে ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী ও যন্ত্রাংশ

এদিকে শনিবার দুপুরে এক বার্তায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে পরিচালিত বিজি-৩০৬ ও বিজি-৩০৭ ফ্লাইটের জন্য নির্ধারিত উড়োজাহাজটি (S2-AJY) বর্তমানে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ নিয়ে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার রাত ১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে রোমের উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইটটি রোমের স্থানীয় সময় রোববার সকাল ৬টা ৫০ মিনিটে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি সমাধানের কাজ সম্পন্ন হলে গ্রাউন্ডেড উড়োজাহাজটি শনিবার রোমের স্থানীয় সময় রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উড়োজাহাজটির ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

বিজি-৩০৬ ফ্লাইটের সর্বশেষ তথ্য নিয়মিত যাত্রীদের জানানো হবে বলেও আশ্বস্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে বিজি-৩০৬ ফ্লাইট পরিচালিত হচ্ছিল।

এনএনবাংলা/