সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ আজ দেশে পৌঁছাবে। নিহত নয়জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৩৪০) মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শনাক্ত হওয়া আত্রাইয়ের সাতজন হলেন-উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গন্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এ ছাড়া ওই দুর্ঘটনায় নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহ শনাক্ত হয়েছে।

গত ৯ আগস্ট রিয়াদের শিফা এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। ডিএনএ পরীক্ষা শেষ না হওয়ায় বাকি সাতজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, “২৫ আগস্ট সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর (শ্রম) মুহাম্মদ রেজায়ে রাব্বী স্বাক্ষরিত একটি চিঠি আমরা পেয়েছি। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ বাংলাদেশির মরদেহ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে পৌঁছাবে। পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মধ্যে ৭ জন আত্রাই উপজেলার বাসিন্দা। মরদেহ শাহজালাল বিমানবন্দরে গ্রহণ করার জন্য নিহত ব্যক্তিদের স্বজনদের জানানো হয়েছে। মরদেহগুলো শুক্রবার রাতে গ্রামের বাড়িতে পৌঁছাতে পারে।”

তিনি আরো বলেন, “অগ্নিকাণ্ডে নিহত বাকি সাত বাংলাদেশির পরিচয় শনাক্ত ও তাঁদের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ওই সাতজনের মরদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।”

এদিকে মরদেহ দেশে ফেরার খবরে নিহত ব্যক্তিদের স্বজনেরা মরদেহ গ্রহণ করে নিজ নিজ এলাকায় নিয়ে দাফনের প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে মরদেহ শনাক্ত না হওয়ায় বাকি সাতজনের মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা। আত্রাই উপজেলার মধ্যবোয়ালী গ্রামের নিহত মিনহাজের মা পারুল বিবি বলেন, ‘হামার ছাওয়ালের লাশ নাকি শনাক্ত হয়নি, এজন্য পরে আসবে। সরকারের কাছে আবদার, হামার ছেলের লাশ য্যান দ্রুত নিয়ে আসে। শেষবারের মতো ছেলেটাক এক নজর দেখতে মন স্থির রাখতে পারোছি না।’

এনএনবাংলা/এফএস